বিনোদন ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে অভিনেত্রী কোয়েল মল্লিকের বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্যসভা নির্বাচনে দলটির প্রার্থী হওয়ার কথাও সামনে এসেছে।
রোববার (৪ অক্টোবর) বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। এর মধ্যে সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপিতে যোগদান এবং সমালোচনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন কোয়েল।
রাজ্যসভার সদস্য হওয়ার বিষয়ে কোয়েল বলেন, ‘আপার হাউজের সদস্য হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কারণ এটা একটা বিশাল দায়িত্ব। দেশের মানুষের সেবা করার ধর্ম আমরা সবসময়ই পালন করে থাকি। ফলে একটা প্ল্যাটফর্ম পেলে ক্ষমতাটা অনেক বেড়ে যায়; সেই সুযোগটা পেয়ে আমি অনেক আনন্দিত।’
বিজেপির রাজ্যসভার প্রার্থী হওয়ার ক্ষেত্রে দলের শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান কোয়েল। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে নির্বাচিত করেছেন। গত কয়েক মাসে বাংলায় যে উন্নয়ন শুরু হয়েছে, তাতেও তিনি আনন্দিত বলে জানান।
এর আগে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সদস্য ছিলেন কোয়েল। কয়েক মাস আগে বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর তিনি পদত্যাগ করেন। পরে বিজেপিতে যোগ দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।
সমালোচনার বিষয়ে কোয়েল বলেন, তাদের প্রতি তাঁর কোনো রাগ নেই। মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করার কারণে তাঁর মধ্যে ধৈর্যের মানসিকতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সমালোচকদের উদ্দেশে কোয়েল বলেন, অন্যকে অপমান করে তারা যে স্বস্তি পেয়েছেন, সেটি তাদের ক্ষোভ থেকে এসেছে। তারা আনন্দে বা সুখে থাকলে অন্যকে অপমান করে কিংবা নেতিবাচকতা ছড়িয়ে আনন্দ পেতেন না। তাদের মানসিক সুস্থতা কামনা করেন বলেও জানান তিনি।