বিনোদন ডেস্ক:
অভিনয়ে বেশ কিছুদিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। কালেভদ্রে পর্দায় দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। নিয়মিত পোস্টের মাধ্যমে অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেন প্রভা। ছবিগুলোতে তাকে দেখা যায় বিয়ের আসরে বধূর সাজে। তবে কেন এমন সাজ, তা নিয়ে কৌতূহল তৈরি হয়।
ছবিতে দেখা যায়, সনাতন ধর্মীয় রীতি অনুসারে বধূ সেজেছেন প্রভা। একটি বাড়ির উঠোনে বিয়ের আসর সাজানো হয়েছে। ওপরে রঙিন কাগজের সুতো টানানো, রয়েছে কলাগাছও। বিয়ের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রও রাখা হয়েছে সেখানে।
লাল শাড়িতে বিয়ের আসরে বসে থাকা প্রভার মাথায় ছিল মুকুট, কপালে টিকলি এবং হাতে শাঁখা-পলা। বিয়ের সাজে অভিনেত্রীর ছবি এরই মধ্যে নজর কেড়েছে।
তবে এই আয়োজনের কারণ কী, তা সরাসরি জানাননি প্রভা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।’
প্রভার এই বক্তব্য থেকেই ধারণা করা হচ্ছে, অভিনয়ের প্রয়োজনে তিনি এমন সাজ নিয়েছেন। তবে এটি কোন কনটেন্টের শুটিংয়ের দৃশ্য, তা জানাননি অভিনেত্রী।
প্রসঙ্গত, কিছুদিন আগে নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন প্রভা। এর মধ্যে একটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। সিনেমাটির অনেকখানি শুটিং সম্পন্ন হয়েছে। বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে। এছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরেকটি সিনেমাতেও অভিনয় করছেন তিনি। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।