বিনোদন প্রতিবেদক:
কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের নিউগ্রিনি প্রপার্টিজে ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, সালমান মুক্তাদিরের স্টুডিও লক্ষ্য করে হামলা হয়নি এবং চাঁদাবাজির কোনো ঘটনাও ঘটেনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা নিয়ে সালমান মুক্তাদির অভিযোগ করেন, দলীয় পরিচয়ে তার কাছে চাঁদা চাওয়া হয়েছিল। এতে অস্বীকৃতি জানানোর পরই হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।
এদিকে স্টুডিওতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বেশ কয়েকজন অভিনয়শিল্পী। রোববার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘মেনে নেওয়ার মতো নয়’ বলে মন্তব্য করেন।
সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা সত্যিই অত্যন্ত হৃদয়বিদারক এবং মেনে নেওয়ার মতো নয়! সালমানের মতো একজন মানুষ এমন আচরণের মোটেও প্রাপ্য নন।’
তিনি আরও লেখেন, ‘এত অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না! কী লজ্জাজনক! কী দুঃখজনক!’
সাদিয়ার ওই পোস্টের মন্তব্যের ঘরে অনেকে ঘটনার নিন্দা জানালেও কেউ কেউ তার পোস্ট ও সালমান মুক্তাদিরকে নিয়ে সমালোচনা করেন। এসব মন্তব্যের জবাবও দেন সাদিয়া।
মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘কী পরিমাণে ফ্রাস্ট্রেটেড মানুষগুলা যে কমেন্ট করছে! আহারে! ঠিক যাদের উদ্দেশ করে পোস্টটি করা, সেই অশিক্ষিতগুলাই চাঁদাবাজদের হয়ে কমেন্টে ফ্রাস্ট্রেশন ঝাড়ছে!’
তিনি আরও বলেন, ‘প্রত্যেকটা কমেন্ট আজীবন থেকে যাবে ডকুমেন্টেড হয়ে। তোদের বাবা, মা, সন্তানরা দেখবে যে তুই কত বড় নোংরা মানুষ।’