বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত: পাকিস্তান সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গত তিন দিনে নিরাপত্তা বাহিনীর একাধিক গোয়েন্দাভিত্তিক অভিযানে ৪৮ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।

পাকিস্তানি সামরিক বাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর সামা টিভির।

আইএসপিআর জানায়, গত ২৪ ঘণ্টায় মাস্তুং, কোয়েটা, কালাত ও সিবি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিবৃতিতে বলা হয়, ৪ সেপ্টেম্বর মাস্তুংয়ে অভিযানে ভারত-সমর্থিত বলে দাবি করা ছয় ‘সন্ত্রাসী’ নিহত হন। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক উদ্ধার করা হয়। পরে এসব ধ্বংস করা হয়েছে বলেও জানায় নিরাপত্তা বাহিনী।

কোয়েটার শাবান এলাকায় চারটি কথিত আস্তানায় অভিযান চালিয়ে আরও ২৬ জনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে আইএসপিআর। এ ছাড়া কালাত এলাকায় একটি কথিত সন্ত্রাসী আস্তানায় অভিযানে আরও দুই ভারত-সমর্থিত ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন।

সিবির ভাগ এলাকায় পৃথক আরেকটি অভিযানে আরও দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী।

আইএসপিআরের দাবি, ২০২৬ সালে এখন পর্যন্ত বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১ হাজার ১৮৮ জনের বেশি ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন।

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, ‘আজম-ই-ইস্তেহকাম’ উদ্যোগের আওতায় সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং শেষ ‘সন্ত্রাসী’ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চালানো হবে।

তবে পাকিস্তানি সামরিক বাহিনীর এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *