আন্তর্জাতিক ডেস্ক:
বোমা হামলার হুমকির কারণে ইসরায়েলের তেল আবিব থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাগামী একটি যাত্রীবাহী উড়োজাহাজ বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় জরুরি অবতরণ করেছে। রোববারের (১৮ অক্টোবর) এ ঘটনায় উড়োজাহাজে থাকা ৫১ যাত্রী ও ছয়জন ক্রু নিরাপদে ছিলেন বলে জানানো হয়েছে।
বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, তেল আবিব থেকে যাত্রা করা উড়োজাহাজটি রোমানিয়ার কাছাকাছি পৌঁছানোর পর ক্রুরা একাধিকবার বোমার হুমকি পান। এরপর পাইলট সোফিয়ায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। অবতরণের পর যাত্রীদের নিরাপদে নামিয়ে উড়োজাহাজটিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে নিরাপত্তাঝুঁকি শনাক্ত না হওয়ার পর উড়োজাহাজটি আবার ভিয়েনার উদ্দেশে যাত্রা করে। এ সময় প্রচলিত নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করে বুলগেরীয় বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান উড়োজাহাজটিকে পাহারা দিয়ে ভিয়েনা পর্যন্ত নিয়ে যায়।
এয়ারলাইনস কর্তৃপক্ষ এএফপিকে জানায়, উড়োজাহাজটি ছিল এয়ারবাস এ৩২০ মডেলের। হুমকি পাওয়ার প্রায় আধা ঘণ্টা পর এটি সোফিয়ায় নিরাপদে অবতরণ করে।
বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটি তদন্তে একটি জরুরি সাড়া প্রদানকারী দল গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও তদন্ত শুরু করেছে।
এর আগে গত সপ্তাহে গ্রিসের করফু দ্বীপ থেকে জার্মানির নুরেমবার্গগামী একটি ফ্লাইটে ভুলবশত বিমান ছিনতাইয়ের সতর্কবার্তা পাঠানো হলে ক্রোয়েশিয়া ও জার্মানি যুদ্ধবিমান পাঠায়। এ ছাড়া গত মাসের শেষ দিকে দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে কো-পাইলটের বিরুদ্ধে ক্যাপ্টেনকে আক্রমণ ও উড়োজাহাজ বিধ্বস্তের পরিকল্পনার অভিযোগ ওঠে।