শেখ শরিফুল ইসলাম:
তিতাস গ্যাসের পণ্যভূমি ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১১ ই জানুয়ারি রবিবার জেলা শহরে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে এক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা এবং কুমিল্লা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট ব্রাহ্মণবাড়িয়া কাউতুলী মোড়ে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনগণের ব্যানারে এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সমগ্র বাংলাদেশে নিরবিচ্ছিন্নভাবে বিতরণ করলেও আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসীকে সবসময় নানান অজুহাতে বঞ্চিত করা হচ্ছে।
কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী মিলে বিভিন্ন কোম্পানিতে এবং স্থাপনায় অবৈধ গ্যাস সংযোগ স্থাপন করে এই কৃত্রিম সংকট তৈরি করছেন। যার ফলে আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরে গ্যাস পাচ্ছি না।
দীর্ঘদিন যাবত আমাদের এই সংকট নিরসনে কোন কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নিয়মিত গ্যাস বিল পরিশোধ করেও আমরা দীর্ঘদিন যাবত দিনে এক ঘণ্টাও গ্যাস পাচ্ছি না।
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা সহ শহরের প্রায় সব এলাকায় এই সংকট দীর্ঘদিনের। রান্নাবাড়া থেকে শুরু করে সন্তানদের স্কুলের নাস্তা প্রস্তুত সহ দৈনন্দ জীবনযাত্রায় এই সংকট নানাভাবে ব্যাহত করছে।
অনতি বিলম্বে এই সংকটের সমাধান না হলে আগামীতে জেলা প্রশাসনের কার্যালয় এবং বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর কার্যালয় গেরাও সহ কঠোর কর্মসূচি দিয়ে ব্রাহ্মণবাড়িয়াকে অচল করে দেওয়া হবে।
এ সময় উপস্থিত জনতা নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে নানান শ্লোগান তুলে ধরেন এবং তাদের হাতে রংবেরঙের প্লে কার্ড দেখা যায়।
পরে পরিস্থিতির শান্ত রাখতে উক্ত অবস্থান কর্মসূচিতে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে কথা বলেন অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো: ইশতিয়াক ভূঁইয়া। তারা উপস্থিত জনতার দাবির প্রতি সহানুভূতি জ্ঞাপন করে জানান যে, আগামী মঙ্গলবার জেলা প্রশাসকের উপস্থিতিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং গ্যাসের দাবিতে আন্দোলনরত সমন্বয়কারীদের কে নিয়ে উক্ত সমস্যার সমাধানের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের আশ্বাসে সমন্বয়কারীরা আগামী মঙ্গলবার পর্যন্ত এই অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।