ব্রিটিশবিরোধী সংগ্রামে আত্মাহুতি, ইতিহাসে অমর বীরকন্যা প্রীতিলতা

অনলাইন ডেস্ক:

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। চট্টগ্রামের আলো-বাতাসে বেড়ে ওঠা এই সাহসী বিপ্লবী মাত্র ২১ বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেন।

১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে অভিযান চালান একদল তরুণ বিপ্লবী। সেই সাহসী অভিযানের নেতৃত্ব দেন প্রীতিলতা ওয়াদ্দেদার।

আজ প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস। সেদিন ইউরোপিয়ান ক্লাবে সফল অভিযান শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। পরে পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে পটাশিয়াম সায়ানাইড গ্রহণ করে আত্মাহুতি দেন প্রীতিলতা।

প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন মাস্টারদা সূর্য সেনের অন্যতম ঘনিষ্ঠ সহযোদ্ধা। ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা জগদ্বন্ধু ওয়াদ্দেদার ছিলেন চট্টগ্রাম মিউনিসিপ্যাল অফিসের হেড কেরানি এবং মা প্রতিভা দেবী ছিলেন গৃহিণী।

চট্টগ্রাম নগরের ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯২৭ সালে কয়েকটি বিষয়ে লেটার মার্কসহ ম্যাট্রিক পাস করেন প্রীতিলতা। পরে ইডেন মহিলা কলেজে পড়ার সময় বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত হন তিনি।

১৯২৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আইএ পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় পঞ্চম এবং মেয়েদের মধ্যে প্রথম হন প্রীতিলতা। এরপর কলকাতার বেথুন কলেজ থেকে দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবন শেষে চট্টগ্রামের নন্দনকানন উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন তিনি। পাশাপাশি ব্রিটিশবিরোধী আন্দোলনে নারী বিপ্লবীদের সংগঠিত ও প্রশিক্ষিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রীতিলতা।

মাত্র ২১ বছর বয়সে ব্রিটিশবিরোধী আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করেন এই বীরকন্যা। তার আত্মত্যাগ স্বাধীনতার সংগ্রামের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *