সাভার প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ঢাকার সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাভারের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দীন এবং ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা শ্যাম সুন্দর মন্ডল।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. বেলায়েত হোসেন, সংরক্ষিত আসন ১, ২ ও ৩-এর নারী সদস্য মমতাজ বেগম এবং সংরক্ষিত আসন ৭, ৮ ও ৯-এর নারী সদস্য মোসা. রাশিদা বেগম।
এ ছাড়া ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।
বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, আশুলিয়া ইউনিয়নকে একটি সবুজ ও পরিবেশবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
পরে ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।