ভারী বৃষ্টিতে ফের পানির নিচে মেরুং, সড়কে ৪ ফুট পানি

খাগড়াছড়ি,জেলা প্রতিনিধি:

কয়েক ঘণ্টার টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে এক সপ্তাহের ব্যবধানে আবারও পানিতে তলিয়ে গেছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ও কবাখালী ইউনিয়নের বিস্তীর্ণ নিচু এলাকা। ডুবে গেছে ফসলি জমিও।

শনিবার (২৯ আগস্ট) সকালে বড় মেরুং স্টিল ব্রিজসংলগ্ন লংগদু সড়কের নিচু অংশ পানিতে তলিয়ে যায়। কোথাও কোথাও সড়কের ওপর ৩ থেকে ৪ ফুট পর্যন্ত পানি জমেছে। এতে ছোট যানবাহন চলাচল বন্ধ হয়ে লংগদু ও দীঘিনালুর মধ্যে যাতায়াতকারী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত থেকে কয়েক ঘণ্টা টানা ভারী বৃষ্টির পর পাহাড়ি ঢলে দীঘিনালার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হতে শুরু করে। শনিবার সকালে বড় মেরুং স্টিল ব্রিজসংলগ্ন সড়কটি পানিতে ডুবে যায়। ফলে মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। অনেককে নৌকায় করে সড়কের ওই অংশ পার হতে হচ্ছে।

আকস্মিক পানিতে বিস্তীর্ণ ফসলি জমিও তলিয়ে গেছে। এতে আউশ ও আমন ধানসহ বিভিন্ন ধরনের সবজি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। পানি দ্রুত না নামলে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দা সুপন চাকমা বলেন, সকালে মাঈনী যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন। বড় মেরুং স্টিল ব্রিজের কাছে এসে দেখেন সড়ক পানিতে তলিয়ে গেছে। মোটরসাইকেল নিয়ে পার হওয়ার সুযোগ না থাকায় নৌকায় করে যেতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে এ সড়কের নিচু অংশ প্রায়ই পানিতে তলিয়ে যায়। এতে লংগদু ও দীঘিনালার মধ্যে চলাচলকারী সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও রোগীদের দুর্ভোগে পড়তে হয়। ছোট যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে বিকল্প পথে যাতায়াতে সময় ও খরচ দুটোই বেড়ে যায়।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, শুক্রবার রাতে কয়েক ঘণ্টা ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলে লংগদু সড়কের বড় মেরুং স্টিল ব্রিজ এলাকায় প্রায় ৩ থেকে ৪ ফুট পানি উঠেছে।

তিনি আরও জানান, দীঘিনালা-সাজেক সড়কের কবাখালী স্টেডিয়ামসংলগ্ন এলাকাতেও সড়কের ওপর প্রায় ১ থেকে ২ ফুট পানি জমেছে। তবে শনিবার সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে। নতুন করে বৃষ্টিপাত না হলে কয়েক ঘণ্টার মধ্যে পানি নেমে যেতে পারে বলে আশা করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে বারবার সড়ক তলিয়ে যাওয়ার সমস্যা স্থায়ীভাবে সমাধানে কার্যকর পানি নিষ্কাশনব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি বড় মেরুং স্টিল ব্রিজসংলগ্ন কয়েকশ মিটার নিচু সড়ক অংশের প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *