ভালুকায় ধান ক্ষেতে বিদ্যুতের তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু

ভালুকা প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধান ক্ষেতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ভালুকা ইউনিয়নের খারুয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন খারুয়ালী গ্রামের আব্দুল আজিজ আকন্দের ছেলে সাহাব উদ্দিন আকন্দ (৫৯) এবং মজিদ আকন্দের ছেলে ধনু আকন্দ (৬১)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, সকালে ধনু আকন্দ নিজের ধান ক্ষেতে কীটনাশক ছিটাতে যান। ওই জমিতে আগে থেকেই একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল। বিষয়টি বুঝতে না পেরে তিনি কীটনাশক ছিটাতে থাকেন।

একপর্যায়ে ধনু আকন্দ বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্ষেতে লুটিয়ে পড়েন। দূর থেকে ঘটনাটি দেখতে পেয়ে সাহাব উদ্দিন তাকে উদ্ধারের জন্য দৌড়ে কাছে যান। এ সময় তিনিও বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মাটিতে পড়ে যান।

পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দুজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ হাসপাতালে গিয়ে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

ভালুকা মডেল থানার এসআই মো. রফিক বলেন, নিহতদের স্বজন ও গ্রামবাসী মৃতদেহের ময়নাতদন্তে বাধা দিচ্ছেন। পুলিশ ময়নাতদন্তের চেষ্টা করছে। তবে স্বজনদের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ নেওয়ার জন্য কোনো আবেদন করা হয়নি। আবেদন করা হলে বিষয়টি বিবেচনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *