মোহাম্মদ হোসেন হ্যাপী:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বাংলাদেশ সরকারি কার্যকরী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ কামরুল ইসলাম।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের জেলা প্রশাসকের নাজির মোঃ কামরুল ইসলামসহ জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীদের নিয়ে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে নাজির মোঃ কামরুল ইসলাম বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মরণে প্রতিবছর ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস হিসেবে পালিত হয়। বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার সেই সংগ্রাম বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে। ভাষা শহীদদের আত্মত্যাগের ধারাবাহিকতায় পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের বীজ রোপিত হয়।
আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর গুলিবর্ষণে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে শহীদ হন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয় বাংলার ভাষা-অধিকার।