ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় রাফা (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা মো. সোহেল ও মা স্কুলশিক্ষিকা মুন্নি আক্তার আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাটসংলগ্ন বৈদ্যেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বোরহানউদ্দিন থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ব্যবসায়ী মো. সোহেল মোটরসাইকেলে করে তাঁর স্ত্রী মুন্নি আক্তারকে মধ্য চরটিটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ সময় তাঁদের সঙ্গে শিশু কন্যা রাফাও ছিল।
মোটরসাইকেলটি বৈদ্যেরপুল এলাকায় পৌঁছালে সোহেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেল থেকে পড়ে শিশু রাফা, তাঁর বাবা ও মা আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু রাফাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সোহেলকে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহত মুন্নি আক্তারকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফ আলী দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।