নারায়ণগঞ্জে অসহায় পরিবারের পাশে ইউএনও এস এম ফয়েজউদ্দিন

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সদর উপজেলার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজউদ্দিন। আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় উপজেলা সম্মেলন কক্ষে এক অসহায় ও অসচ্ছল পরিবারের হাতে জরুরি খাদ্যসামগ্রী তুলে দিয়ে তাদের পাশে দাঁড়ান তিনি। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবারটি চরম খাদ্যসংকটে দিনাতিপাত করছিল। বিষয়টি জানতে পেরে ইউএনও এস এম ফয়েজউদ্দিন তাৎক্ষণিকভাবে তাদের সহায়তার উদ্যোগ নেন। আজ বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে পরিবারটির সদস্যদের ডেকে এনে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজউদ্দিন বলেন, “প্রশাসন শুধু আইনশৃঙ্খলা রক্ষা বা দাপ্তরিক কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, সাধারণ ও অসহায় মানুষের যেকোনো বিপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই পরিবারটির কষ্টের কথা জানতে পেরে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষুদ্র এই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। সমাজে যারা বিত্তবান রয়েছেন, তাদেরও উচিত নিজ নিজ অবস্থান থেকে এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমাদের এই মানবিক ও সামাজিক সহায়তার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

খাদ্যসামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে অসহায় পরিবারটি। তারা উপজেলা নির্বাহী অফিসারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহায়তার ফলে তাদের সাময়িক খাদ্যকষ্ট লাঘব হবে বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লার সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ আহমেদ ও সিদ্ধিরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *