আন্তর্জাতিক ডেস্ক: খুব শিগগিরই যুক্তরাষ্ট্রকে শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং যেসব দেশে বর্তমানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশ থেকেও সরে যেতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের জ্যেষ্ঠ সদস্য ইব্রাহিম আজিজি।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “সেই দিন আর বেশি দূরে নয়, যেদিন আপনাদের শুধু এই অঞ্চল থেকেই নয়, বরং যেসব দেশ আপনাদের সামরিক ঘাঁটির আশ্রয় দিয়েছে, সেখান থেকেও বহিষ্কার করা হবে।” বিষয়টি জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ।
আজিজির দাবি, বিদেশে সামরিক ঘাঁটি পরিচালনায় যুক্তরাষ্ট্র যে বিপুল অর্থ ব্যয় করছে, ভবিষ্যতে সেই অর্থ নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতেই ব্যবহার করতে হবে।
তিনি আরও বলেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য করা হবে।
তবে ইরানি এই আইনপ্রণেতার বক্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।