আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইরান ও এর প্রতিবেশী কয়েকটি দেশে শিশু হতাহতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। সংস্থাটির তথ্য অনুযায়ী, এর মধ্যে শুধু ইরানেই ২ হাজার ৫০০-এর বেশি শিশু নিহত বা আহত হয়েছে।
ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক আবদুল ফোফানা এক বিবৃতিতে জানান, যুদ্ধের প্রভাব এখনো পুরো অঞ্চলে অব্যাহত রয়েছে। শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হিসেবে বিবেচিত বাড়ি, বিদ্যালয় ও নিজ নিজ এলাকাও এখন প্রাণঘাতী হয়ে উঠছে। অনেক শিশু প্রাণ হারাচ্ছে, আবার অনেকে গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করছে।
ইউনিসেফের ওয়েবসাইটে গত শুক্রবার প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়, সর্বশেষ ৩০ জুলাই ইরানের দক্ষিণ উপকূলের কাছে কেশম দ্বীপের একটি আবাসিক ভবনে মার্কিন হামলায় মা–বাবার সঙ্গে দুই বছর বয়সী এক শিশু নিহত হয়। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে বলেও জানানো হয়েছে।
আবদুল ফোফানা বলেন, সাম্প্রতিক হামলাগুলো আবারও প্রমাণ করেছে যে, যেকোনো সংঘাতে সবচেয়ে বড় মূল্য দিতে হয় শিশুদের। গত পাঁচ মাসে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে সংঘাতের জেরে ৪ হাজারের বেশি শিশু নিহত বা আহত হয়েছে।
ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইরানে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৩৮৬ শিশু নিহত এবং ২ হাজার ১১৭ শিশু আহত হয়েছে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।