জ্যেষ্ঠ প্রতিবেদক:
মধ্যরাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর মিরপুর-১০ এলাকার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এ সময় হকার উচ্ছেদ-পরবর্তী অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ এলাকার পরিচ্ছন্নতা ও নগর ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) মধ্যরাতে মিরপুর-১০ এলাকায় সরেজমিনে পরিদর্শনে গিয়ে হকার উচ্ছেদ-পরবর্তী পরিস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, ডেঙ্গু পরিস্থিতি, বৃক্ষরোপণ কর্মসূচি ও ড্রেন ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন প্রশাসক।
পরিদর্শনকালে হকারদের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সেখানে থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে উচ্ছেদ করা স্থানগুলোতে বৃক্ষরোপণ কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।
এ সময় বিভিন্ন ওয়ার্ডে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ড্রেন সংস্কার, প্রজেক্টর ডাস্টবিন স্থাপনসহ নাগরিক দুর্ভোগ কমাতে নেওয়া কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন প্রশাসক।
মিরপুর-১০ থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রোরেলের পিলার ও আশপাশের দেয়াল থেকে অবৈধ পোস্টার ও লিফলেট অপসারণের পর সেখানে সিটি করপোরেশনের উদ্যোগে গ্রাফিতি অঙ্কনের পরিকল্পনার বিভিন্ন দিকও পর্যালোচনা করেন তিনি।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে মিরপুর-১০ এলাকাকে সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগর এলাকা হিসেবে গড়ে তুলতে কার্যক্রম জোরদারের নির্দেশ দেন ডিএনসিসি প্রশাসক।