সুখী দাম্পত্যের ‘রেসিপি’ জানালেন আরিফিন শুভ

বিনোদন প্রতিবেদক:

বিয়ের পর দাম্পত্য জীবনে সুখী থাকার ‘রেসিপি’ জানালেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ। তাঁর মতে, সুখী দাম্পত্যের জন্য নিয়মিত ‘হ্যাপিলি ম্যারিড’ দেখতে হবে—অবশ্যই তাঁর এই মন্তব্য ছিল রসিকতার ছলে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে চরকির নতুন অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এতে সহশিল্পী কেয়া পায়েলের সঙ্গে উপস্থিত ছিলেন আরিফিন শুভ।

প্রিমিয়ার শেষে সংবাদকর্মীদের মুখোমুখি হলে দাম্পত্য জীবনে সুখে থাকার উপায় নিয়ে প্রশ্ন করা হয় শুভকে। জবাবে হাসতে হাসতে তিনি বলেন, “ম্যারিড লাইফে হ্যাপি থাকার রেসিপি হচ্ছে, প্রত্যেক সপ্তাহে একবার করে ‘হ্যাপিলি ম্যারিড’ দেখতে হবে। শুক্রবার দিন সকালবেলা উঠে এটি একবার করে দেখতে হবে, তাহলেই হ্যাপি ম্যারিড থাকতে পারবেন।”

শুভর এমন উত্তর শুনে সেখানে উপস্থিত অনেকেই হেসে ওঠেন।

সিনেমাটিতে কেয়া পায়েল ও অন্যান্য কলাকুশলীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে শুভ বলেন, ক্যামেরার পেছনের মানুষসহ পুরো টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ ছিল। সবাই মিলে অনেক পরিশ্রম করলেও কাজের সময় তারা আনন্দ পেয়েছেন।

এ সময় পর্দায় তাঁকে নিয়মিত দেখা যাচ্ছে না কেন—এমন প্রশ্নেরও উত্তর দেন শুভ। তিনি বলেন, কাজের কারণ বা সুযোগ তিনি নিজে তৈরি করেন না; সুযোগ তাঁর কাছে আসে। সামনে এমন কাজ বা কারণ যত বেশি তৈরি হবে, দর্শকরাও তাঁকে তত বেশি পর্দায় দেখতে পাবেন।

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শুধু ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে একটি স্ট্যাটাস দিয়েছিলেন আরিফিন শুভ। সেটি নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল। অনেকে এটিকে তাঁর ব্যক্তিগত জীবনের কোনো ঘোষণা বলে মনে করলেও পরে জানা যায়, স্ট্যাটাসটি ছিল সিনেমাটির প্রচারণার অংশ।

‘হ্যাপিলি ম্যারিড’-এর গল্প আবর্তিত হয়েছে সমকালীন দাম্পত্য জীবন, মনস্তাত্ত্বিক টানাপোড়েন ও সামাজিক বাস্তবতাকে ঘিরে। এতে সহজ-সরল ও সৎ যুবক আনিস চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যদিকে উচ্চবিত্ত ও আধুনিক শহুরে সংস্কৃতিতে বেড়ে ওঠা তরুণী অনামিকা চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে।

ছবিয়াল সহ-প্রযোজিত ও চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের সপ্তম ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’। জাহিদ প্রীতম নির্মিত সিনেমাটি আগামী ৮ অক্টোবর চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রিমিয়ার অনুষ্ঠানে আরিফিন শুভ ও কেয়া পায়েল ছাড়াও চরকির সিইও রেদওয়ান রনি, নির্মাতা জাহিদ প্রীতম, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, দীপা খন্দকার, অভিনেতা ও নির্মাতা সালাহউদ্দিন লাভলু এবং আরেফিন জিলানীসহ সিনেমাটির অন্যান্য কলাকুশলী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *