মো. আব্দুল গফুর সিকদার:
ভোলার মনপুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মো. কামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল খালেক সেলিম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিলন মাতব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম ফরাজী, সাবেক উপজেলা যুবদল সভাপতি মো. জোবায়ের হাসান রাজিব চৌধুরী, উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান পলাশ, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ইকরাম কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
আলোচনা সভায় সাবেক উপজেলা যুবদল সভাপতি মো. জোবায়ের হাসান রাজিব চৌধুরী বলেন, ‘৫ আগস্টের পর আমরা বুক ফুলিয়ে চলতে পারছি। এবার আমরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পেরেছি। এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বিএনপির সব জ্যেষ্ঠ নেতার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকব। দলের অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না।’
তিনি আরও বলেন, ‘ভোলা-৪ আসনের নেতা নুরুল ইসলাম নয়ন আমাদের মনপুরার বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের খোঁজখবর নেন। সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে থাকার প্রত্যাশা করেন।’ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল খালেক সেলিম মোল্লা বলেন, ‘আমরা আমাদের প্রত্যেক কর্মীকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে চাই। ভোলা-৪ আসনের নেতা নুরুল ইসলাম নয়ন আমাদের যে পরামর্শ ও দিকনির্দেশনা দেন, আমরা তা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।’
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মো. কামাল উদ্দিন বলেন, ‘মনপুরায় বিএনপি ও এর সব অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকবে। দলের প্রত্যেক কর্মী আমার কাছে সমান। আমরা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।’ সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ঐক্য বজায় রেখে দলীয় কার্যক্রমে সক্রিয় থাকার আহ্বান জানান।