মো. আব্দুল গফুর সিকদার:
বরাদ্দ বাতিলের দাবি ব্যবসায়ীদের, আপাতত স্থগিত রেখেছে প্রশাসন
ভোলার মনপুরায় উপজেলা পরিষদের সামনে সরকারি জমিতে দোকানের ভিটি বরাদ্দের প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ করেছেন হাজিরহাট বাজারের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকান বন্ধ রেখে তাঁরা এ কর্মসূচি পালন করেন। এ সময় ব্যবসায়ীরা উপজেলা পরিষদের সামনে অবস্থান নেন।
ব্যবসায়ীদের অভিযোগ, পুরোনো হাজিরহাট বাজারের কাছাকাছি সরকারি জমিতে নতুন করে দোকানের ভিটি বরাদ্দ দেওয়া হলে তাঁদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে তাঁরা বরাদ্দের কার্যক্রম বাতিলের দাবি জানিয়েছেন। দোকানপাট বন্ধ থাকায় বাজারে আসা ক্রেতাদেরও দুর্ভোগে পড়তে হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে ৪২টি এবং চতুর্থ শ্রেণির কর্মচারী ক্লাবের পাশে ১০টিসহ মোট ৫২টি দোকানের ভিটি বরাদ্দের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। পরে লটারির মাধ্যমে বরাদ্দের জন্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ করা হয়।
হাজিরহাট বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ আবদুর রহমান এবং ব্যবসায়ী নেতা মো. জসিম ও মো. আব্বাস বলেন, প্রায় ৫০ বছরের পুরোনো এ বাজারে পাঁচ শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে সহস্রাধিক মানুষ জীবিকা নির্বাহ করেন। বাজারের কাছাকাছি নতুন দোকানের ভিটি বরাদ্দ দেওয়া হলে পুরোনো বাজারের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।
ব্যবসায়ী সমিতির সহসভাপতি নিজাম উদ্দিন, বেলায়াত হোসেন ও মিজান পাটোয়ারী বলেন, ভিটি বরাদ্দের কার্যক্রম বাতিল করা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। এ বিষয়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে স্মারকলিপি দিয়েছেন। পাশাপাশি জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
এ বিষয়ে মনপুরার ইউএনও খান সালমান হাবীব বলেন, উপজেলা পরিষদের আয় বাড়ানোর লক্ষ্যে ভিটি বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আপাতত বরাদ্দের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।