মো. আব্দুল গফুর সিকদার:
ভোলার মনপুরা উপজেলার ৫ নম্বর কলাতলী ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন, মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের ‘অপতৎপরতা ও নৈরাজ্যের’ প্রতিবাদে রোববার (২০ সেপ্টেম্বর) এ কর্মসূচি পালন করা হয়।
সকাল ১১টার দিকে কলাতলী ইউনিয়নের আবাসন বাজার থেকে মোটরসাইকেল শোডাউন শুরু হয়। শোডাউনটি কবির বাজার হয়ে মনির বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মনির বাজারে বিএনপির দলীয় কার্যালয় এলাকায় গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয় এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃত্ব দেন মনপুরা উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুবায়ের হাসান রাজীব চৌধুরী।
সভায় জুবায়ের হাসান রাজীব চৌধুরী বলেন, ‘আমরা দীর্ঘ ১৭ বছর জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে রাজপথে ছিলাম। এখন আমরা চাই, সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করব। হিন্দু-মুসলিমের মধ্যে কোনো বিভেদ থাকবে না। সবাইকে সঙ্গে নিয়ে কলাতলী ইউনিয়নকে এগিয়ে নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘মনপুরা একটি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা। কলাতলী ইউনিয়নের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়। আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না। সবাই মিলেমিশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।’
এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষের পাশে থাকা এবং কলাতলীর মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।
সভায় মো. নাজিম উদ্দিন, লিটু মিস্ত্রি, বাবুল সিকদার, মো. সালাউদ্দিন, মো. আব্দুল গফুর মিয়া, মো. এমরান, মো. শরিফ এবং কলাতলী ইউনিয়ন ছাত্রদলের মো. ফয়সাল, মনির ও মো. জায়েদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। একই সঙ্গে শান্তি, সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রেখে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ওপর গুরুত্ব দেন তাঁরা।
কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা অংশ নেন।