স্পোর্টস ডেস্ক:
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে উন্মাদনায় ভাসছে পুরো দেশ। আগামী ৬ অক্টোবর মঙ্গলবার বুয়েনস আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর বুধবার ভোরে। এই ম্যাচ দিয়েই জাতীয় দলের হয়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটতে যাচ্ছে।
মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনও বিশেষ আয়োজন করেছে। মনুমেন্তালে আবেগঘন পরিবেশ তৈরি হবে—এমনটাই মনে করছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
স্কালোনি বলেন, ‘যদি পাঁচটি মনুমেন্তাল স্টেডিয়ামও থাকত, সেগুলোও দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যেত। সব জায়গা থেকেই মেসেজ পেয়েছি। আমার মনে হয় যা বলার সবই বলা হয়ে গেছে; এখন শুধু সময়টা উপভোগ করার বাকি।’
মেসির বিদায় প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘সে চলে যাওয়ার পর যে নস্টালজিয়ার কথা আমরা সব সময় বলি, এখন সত্যিই সে আর জাতীয় দলে থাকবে না। আমার ধারণা সবাই বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছেন—এমনকি সে নিজেও।’
বিশ্বকাপজয়ী কোচের মতে, মেসির শেষ ম্যাচটি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে বিশেষ একটি দিন হয়ে থাকবে। তিনি বলেন, ‘মনুমেন্তালের মাঠে সে পা রাখার মুহূর্ত থেকেই এটি সবার জন্য এক অবিস্মরণীয় দিন হয়ে উঠবে। তার এই বিশেষ দিনের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।’
মেসির সঙ্গে এখনও দুটি অনুশীলন সেশন রয়েছে জানিয়ে স্কালোনি বলেন, ‘আমাদের হাতে যেটুকু সময় অবশিষ্ট আছে, আমরা সেটুকুই উপভোগ করব।’
মেসির সবচেয়ে বড় উত্তরাধিকার হিসেবে দলের প্রতি তার নিবেদন ও পেশাদারিত্বের কথা উল্লেখ করেন স্কালোনি। তিনি বলেন, মেসি সব সময় দলের সঙ্গে থাকার জন্য অদম্য ইচ্ছা দেখিয়েছেন। অনুশীলনে সবার আগে আসা এবং সবার শেষে মাঠ ছাড়ার পাশাপাশি নিজের যত্ন নেওয়া ও প্রতিটি ম্যাচকে গুরুত্বের সঙ্গে দেখার বিষয়গুলো সতীর্থদের কাছেও অনুকরণীয় ছিল।
স্কালোনি বলেন, ‘সে যা রেখে যাচ্ছে, তা সত্যিই অপূরণীয়।’
মেসিকে ছাড়া ভবিষ্যতের পথচলা নিয়ে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমাদের খেলা চালিয়ে যেতে হবে। তবে তাকে মাঠে পাওয়ার অনুভূতিটাই একদম অনন্য। ফুটবল মাঠে সে যা করে, তা আমি অন্য কারও মধ্যে কখনো দেখিনি। আর এই জিনিসটাই আমরা সবচেয়ে বেশি মিস করব। তবে আর্জেন্টিনা জাতীয় দল তো তার নিজের গতিতেই এগিয়ে যাবে।’
মেসি গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান। এর কয়েক সপ্তাহ পর তাকে বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচের জন্য আর্জেন্টিনা দলে ডাকা হয়। দুই দশকের বেশি সময় জাতীয় দলের হয়ে খেলার পর ঘরের মাঠে সমর্থকদের সামনে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামার সুযোগ পাচ্ছেন ৩৯ বছর বয়সী এই তারকা।
মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রিতেও ব্যাপক সাড়া পড়েছে। মনুমেন্তালে অনুষ্ঠিতব্য ম্যাচটি ঘিরে আর্জেন্টিনায় এরই মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে।