আন্তর্জাতিক ডেস্ক:
শিক্ষাজীবনের বহু কাঙ্ক্ষিত সমাবর্তনের দিন যখন সামনে, তখনই চিকিৎসকদের পূর্বাভাসের আগেই জন্ম নেয় কন্যাসন্তান। কিন্তু মাতৃত্বের মাত্র ১০ দিনের মাথায় সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে গ্র্যাজুয়েশন গাউন পরে সমাবর্তন মঞ্চে হাজির হয়ে সবাইকে বিস্মিত করেছেন ২৪ বছর বয়সী গ্রেস শিমচ্যাক।ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিগ র্যাপিডসে অবস্থিত ফেরিস স্টেট ইউনিভার্সিটিতে। অদম্য ইচ্ছাশক্তি ও মাতৃত্বের এই অনন্য মেলবন্ধন সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মিশিগানের বাসিন্দা গ্রেস শিমচ্যাকের সমাবর্তন হওয়ার কথা ছিল ১৫ ডিসেম্বর। এর তিন দিন পর সিজারিয়ান সেকশনের মাধ্যমে তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগেই ৬ ডিসেম্বর জন্ম নেয় তাঁর কন্যাসন্তান অ্যানাবেল।সদ্য প্রসূতি হলেও দীর্ঘদিনের পরিশ্রমে অর্জিত ডিগ্রি গ্রহণের বিশেষ মুহূর্তটি কোনোভাবেই হাতছাড়া করতে চাননি গ্রেস। তাই সমাবর্তনের দিন মাত্র ১০ দিন বয়সী অ্যানাবেলকে একটি বেবি ক্যারিয়ারে নিজের বুকের সঙ্গে বেঁধে নেন তিনি। এরপর তার ওপর পরেন গ্র্যাজুয়েশন গাউন।গ্রেস যখন মঞ্চে উঠে নিজের ডিগ্রি গ্রহণ করছিলেন, তখন পুরো সময় ছোট্ট অ্যানাবেল মায়ের উষ্ণতায় শান্ত হয়ে ঘুমিয়ে ছিল।ফেরিস স্টেট ইউনিভার্সিটি থেকে ‘আর্লি চাইল্ডহুড এডুকেশন’-এ অসাধারণ ফলাফলের জন্য ‘ম্যাগনা কাম লডে’ সম্মাননাসহ ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন গ্রেস। পড়াশোনার পাশাপাশি কাজ, সংসার ও মাতৃত্বের দায়িত্বও সামলেছেন তিনি।সমাবর্তন শেষে মিশিগানের ট্রাভার্স সিটিতে শিশুদের একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণকালীন শিক্ষক হিসেবে যোগ দেন গ্রেস।নিজের অনুভূতি জানিয়ে গ্রেস বলেন, “ডিগ্রি অর্জনের পেছনে আমার বছরের পর বছর কঠোর পরিশ্রম ছিল।” তাই মেয়ে নির্ধারিত সময়ের আগেই জন্ম নিলেও সহপাঠীদের সঙ্গে সমাবর্তনে অংশ নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেননি তিনি। একই সঙ্গে সদ্যোজাত সন্তানকেও এক মুহূর্তের জন্য নিজের কাছছাড়া করতে চাননি।পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পাতায় গাউনের ভেতর ছোট্ট অ্যানাবেলকে জড়িয়ে রাখা গ্রেসের ছবি প্রকাশিত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। নিজের এই অভিজ্ঞতা অন্য ব্যস্ত ও সংগ্রামী বাবা-মাকে পড়াশোনা শেষ করার অনুপ্রেরণা দেবে বলে আশা প্রকাশ করেছেন গ্রেস শিমচ্যাক।