Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
মাদক ব্যবসার প্রতিবাদ করায় খুন সজীব, আসামিদের দ্রুত গ্রেফতার ও বাদীপক্ষের নিরাপত্তার দাবি - দৈনিক স্বাধীন সংবাদ

মাদক ব্যবসার প্রতিবাদ করায় খুন সজীব, আসামিদের দ্রুত গ্রেফতার ও বাদীপক্ষের নিরাপত্তার দাবি

নুরুজ্জামান সাউদ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর সজীব হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার, নিহতের পরিবার ও মামলার বাদী-সাক্ষীদের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গোদনাইল নয়াপাড়া ও ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকার সর্বস্তরের জনগণ এবং নিহত সজীবের পরিবারের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি প্রতিনিধিদল নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর পৃথক স্মারকলিপি পেশ করেন।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে জানানো হয়, গত ২৪ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় নিজ বাসায় ফেরার পথে স্থানীয় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মো. জাহাঙ্গীরের ছেলে মো. সজীব (৩২)-কে নৃশংসভাবে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের মা শিরিনা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৬২। এজাহারনামীয় আসামিরা হলেন—মাইকেল, মো. আপন, মো. তাহসিন, মো. নুরুজ্জামান, মো. আকাশ ও মো. ইমনসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন।

বক্তারা অভিযোগ করেন, এজাহারভুক্ত প্রধান আসামিদের মধ্যে মাইকেল ও তার ছেলে আপনকে পুলিশ গ্রেফতার করলেও অন্য আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। পলাতক আসামিরা বর্তমানে নিহতের স্ত্রী-সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্য এবং মামলার বাদী ও সাক্ষীদের বিভিন্ন উপায়ে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এর ফলে নিহতের পরিবার চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

মানববন্ধন থেকে ৪ দফা জরুরি দাবি উত্থাপন করা হয়: দ্রুত গ্রেফতার: হত্যা মামলার এজাহারভুক্ত সকল পলাতক আসামিকে অবিলম্বে আইনের আওতায় আনা। নিরাপত্তা নিশ্চিতকরণ: নিহতের পরিবার, মামলার বাদী ও সাক্ষীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: বাদী-সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া। মাদক ও অপরাধ দমন: এলাকায় মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে পুলিশি তৎপরতা জোরদার করা।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অতিদ্রুত সব আসামিকে গ্রেফতার করে আইনের মুখোমুখি করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *