মো. রাসেল, স্টাফ রিপোর্টার:
বান্দরবানের লামা থানাধীন ৭নং ফাইতং ইউনিয়নের ফাইতং উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক মাদকবিরোধী পথসভা, র্যালি ও বিশেষ চেকপোস্ট কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ আগস্ট লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের সভাপতিত্বে এ সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং ধর্মীয় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় বক্তারা মাদকের কুফল, পারিবারিক ও সামাজিক অবক্ষয় এবং এর বিভিন্ন ক্ষতিকর দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। সভাপতির বক্তব্যে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একটি মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে মাদকবিরোধী সামাজিক কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তিনি সর্বস্তরের জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান। পথসভা ও র্যালি শেষে ওই এলাকায় মাদক ও চোরাচালান রোধে পুলিশের একটি বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়।