মো. বজলুর রহমান হাওলাদার:
ভোররাতের স্তব্ধতা ভেঙে হঠাৎই দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিল সরকারি বিপণন সংস্থা টিসিবি’র একটি পুরো গুদাম। সাধারণ মানুষের জন্য রাখা চাল, ডাল, তেল আর চিনির স্তূপ চোখের পলকে রূপ নিল ছাইভস্মে। মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে টিসিবি’র একটি গুদাম সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ডিলার ইসমাইল মোল্লা। আজ বৃহস্পতিবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোররাতে গুদামে হঠাৎ আগুন দেখে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গুদামে থাকা চাল, ভোজ্যতেল, ডাল ও চিনিসহ সব মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। তিনি জানান, অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।