মাধবপুরে জাল কাস্টমস নথিতে ৯ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে একটি ট্রাক থেকে ৯ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্রাকটির চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। জব্দ করা জিরা ও ট্রাকের মোট আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লাখ টাকা।

সোমবার (৫ অক্টোবর) রাতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ট্রাকে করে ঢাকায় পাচার হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করা হয়।

তল্লাশি চৌকির কাছাকাছি প্রায় ৫০০ গজ দূরে বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক ট্রাকটি রেখে পালিয়ে যান। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৩০০ বস্তায় থাকা ৯ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, কাস্টমসের নথিপত্র কালার স্ক্যান করে জাল বিল অব এন্ট্রি ও চালানপত্র তৈরি করা হয়েছিল। এসব জাল নথি ব্যবহার করে ভারতীয় জিরা অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল বলে বিজিবির প্রাথমিক তদন্তে জানা গেছে।

জব্দ করা জিরার আনুমানিক মূল্য ৬৩ লাখ টাকা। এ ছাড়া জব্দ করা ট্রাকটির আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা জিরা ও ট্রাকের মূল্য প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে পরবর্তী কার্যক্রম চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *