নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রধান কার্যালয়ে সংঘটিত সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনা, পরবর্তীতে দায়ের করা অভিযোগ এবং একাধিক নেতার মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের প্রতিবাদে ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং-বি-৪৯৪) এর উদ্যোগে প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রধান কার্যালয়, ২৮ রাজউক এভিনিউ, মতিঝিল, ঢাকায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ১৩ জানুয়ারি ২০২৬ পল্টন থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এরপর ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খাঁন যে বক্তব্য প্রদান করেন, তা মিথ্যা, অবান্তর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মুন্সী। এতে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মোঃ আলমগী হোসেন। এ সময় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৩ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার) মোঃ শফিকুল ইসলাম খোকন (পিতা—মৃত আর এস সিকদার, ঠিকানা—এফ-২, ৭নং আরিফাবাদ হাউজিং, মিরপুর-১২২৬, পল্লবী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন; মোবাইল—০১৮৪১৬৩৯২৮৬) নিজেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অঙ্গসংগঠন মিরপুর আঞ্চলিক শাখা কমিটির সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে পল্টন থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন যে, ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং-বি-৪৯৪) ও এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোনো বৈধতা নেই।
ইউনিয়নের নেতারা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে আখ্যা দেন। তারা বলেন, একটি কুচক্রী মহল সংগঠনের বৈধ নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে প্রশাসন ও গণমাধ্যমকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রধান কার্যালয়ে এক বৈঠকের আয়োজন করা হয়, যেখানে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খাঁন, মিরপুর অঙ্গসংগঠনের পরিচয়ধারী শফিকুল ইসলাম খোকন, তথাকথিত ২১৯৫ ইউনিয়নের কিছু নেতা এবং ফেডারেশনের আইন বিষয়ক সম্পাদক শাহজাহান খাঁনসহ জলিলুর রহমান ও কালা লিটনের মতো কয়েকজন অংশ নেন। অভিযোগ অনুযায়ী, এই বৈঠকে ফ্যাসিবাদী সরকারের দোসরদের উপস্থিতিতে ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও এর কার্যনির্বাহী কমিটির শ্রমিকদের বিরুদ্ধে মামলা ও হামলার হুমকি দেওয়া হয়।
ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মুন্সী বলেন, “আমি ২০১৫ সালের নির্বাচনের মাধ্যমে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হই। এর আগেও ২০০১ সালে ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে একটি রিট মামলা করা হয়েছিল।” তিনি জানান, রিট পিটিশন নং-১৬২৫/২০০১ মামলাটি দায়ের করেছিলেন তৎকালীন সভাপতি হাজী রফিক আহম্মেদ। ওই মামলার পরিপ্রেক্ষিতে আদালত একটি নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে দীর্ঘদিন ধরে ইউনিয়নের কার্যক্রম আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই পরিচালিত হয়ে আসছে।
নেতৃবৃন্দ বলেন, পুরনো মামলা ও নিষেধাজ্ঞার বিষয়কে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে বর্তমান বৈধ নেতৃত্বকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে। তারা এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রতিবাদ সভা থেকে অবিলম্বে মিথ্যা অভিযোগ প্রত্যাহার, বিভ্রান্তিকর বক্তব্য প্রদানকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।