মিরপুরে একই সময়ে দুই বাসে আগুন, হতাহত নেই

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরে একই সময়ে দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে শিকড় পরিবহনের একটি বাসে এবং মিরপুর-১ আনসার ক্যাম্প এলাকায় অভিজাত পরিবহনের আরেকটি বাসে আগুন লাগে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি জানান, বাসটি চলন্ত অবস্থায় আগুন লাগে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

এদিকে একই সময়ে মিরপুর-১ আনসার ক্যাম্প এলাকায় অভিজাত পরিবহনের আরেকটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।

এর আগে শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জুমার নামাজের পর মালিবাগের সোহাগ বাস কাউন্টারের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে, মহাখালী, বাবুবাজার ব্রিজের নিচে, মগবাজার মোড়, যাত্রাবাড়ী এবং রামপুরা এলাকায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে বিস্ফোরিত তিনটি ককটেলের ঘটনায় ইবাদুর রহমান নামে এক অটোরিকশাচালক আহত হন। পরে রাত ১১টার দিকে রামপুরা বিটিভি ভবনের সামনে দুটি এবং রাত ১২টার দিকে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসব ঘটনায় বিভিন্ন থানায় মামলা হলেও কারা জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ককটেল বিস্ফোরণের পর রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গুরুত্বপূর্ণ পয়েন্ট, উড়ালসড়ক ও রাজধানীর প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি পুলিশি টহল ও নজরদারিও বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *