মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১৩ থেকে মিরপুর-১০ নম্বর এলাকার হোপ মার্কেট এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিটি করপোরেশনের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা আক্রান্ত হন। পুলিশের সদস্যদের সঙ্গেও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে এবং সংবাদ সংগ্রহে যাওয়া গণমাধ্যমকর্মীদের বাধা দেওয়ার অভিযোগও করেন তিনি।

জামায়াত আমির বলেন, মিরপুরের ওই এলাকা একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন। জনগণের সুবিধা-অসুবিধা-সংক্রান্ত কোনো পদক্ষেপ নেওয়ার আগে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করা হলে বিষয়টি আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো।

তিনি বলেন, সংঘাতের পরিবর্তে এমন ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অযথা ক্ষতিগ্রস্ত না হন এবং সাধারণ মানুষের চলাচলের পথও নির্বিঘ্ন থাকে। তাঁর মতে, এ জন্য সমন্বিত ও বাস্তবভিত্তিক উদ্যোগ প্রয়োজন।

ডা. শফিকুর রহমান আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ও চাঁদাবাজ ব্যক্তি ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা নিয়ে ফুটপাতে ব্যবসার সুযোগ করে দিয়েছে। তাঁর দাবি, দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে চাঁদা আদায়ের কারণে শেষ পর্যন্ত এর আর্থিক বোঝা সাধারণ ক্রেতা ও জনগণের ওপর পড়ে।

তিনি বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনার আগে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ নেওয়ার সময় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

জামায়াত আমির বলেন, স্থানীয় সংসদ সদস্যকে অবহিত না করে এ ধরনের পদক্ষেপ নেওয়ায় তিনি বিস্মিত হয়েছেন। পারস্পরিক পরামর্শের মাধ্যমে সমস্যার কার্যকর সমাধান করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

শেষে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, যেখানে সমস্যা রয়েছে, সেখানেই সমাধানের পথও রয়েছে। তবে সমাধান হতে হবে নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও মানবিক—কাউকে অযথা ক্ষতিগ্রস্ত করে নয়।

উল্লেখ্য, বুধবার মিরপুর-১০ এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীও সমন্বয়ের ঘাটতির অভিযোগে তদন্তের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *