মিরসরাই ভোট কর্মকর্তাদের সঙ্গে রিটার্নিং অফিসারের বৈঠক, ব্যর্থ হওয়ার সুযোগ নেই

এন আলম রাসেল চৌধুরী:

চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং দেশপ্রেম প্রমাণের এক বড় সুযোগ আমাদের সামনে এসেছে। এই মহান দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় মিরসরাই কলেজ মিলনায়তনে আয়োজিত উপজেলা ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিটার্নিং অফিসার কর্মকর্তাদের সতর্ক করে বলেন, “কোনো প্রকার ব্যক্তিগত পক্ষপাতিত্ব বা আচরণে নির্বাচনের গায়ে কালিমা লেপন করা বরদাস্ত করা হবে না।” তিনি আরও জানান, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের শরীরে ‘বডি ওর্ন ক্যামেরা’ থাকবে। পুরো প্রক্রিয়াটি কঠোরভাবে মনিটরিং করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সোমাইয়া আক্তার জানান, মিরসরাই আসনে মোট ৩ লাখ ৮৬ হাজার ৬৭৪ জন ভোটার রয়েছেন। মোট ১০৬টি কেন্দ্রের সবকটিতেই সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এর মধ্যে ৪৯টি কেন্দ্রকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে ১১২ জন প্রিজাইডিং অফিসারসহ মোট ২ হাজার ৩৫৬ জন কর্মকর্তাকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ বলেন, দীর্ঘ বিপ্লব ও সংগ্রামের পর এই নির্বাচন হতে যাচ্ছে। তাই আইনের আলোকে সর্বোচ্চ মেধা দিয়ে এটি সফল করতে হবে। সভায় অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *