ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছা থানায় পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডার জেরে থানার প্রধান ফটক ও পাশের ট্রাফিক বক্সে ভাঙচুরের অভিযোগ উঠেছে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানীর বিরুদ্ধে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মুক্তাগাছা থানায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
থানার ওসি কামরুল ইসলাম জানান, একটি হত্যা মামলার তদন্তসংক্রান্ত বিষয়ে সহকর্মীদের সঙ্গে জরুরি বৈঠক চলছিল। এ সময় আরিফ রব্বানী কয়েকজনকে সঙ্গে নিয়ে ওসির কক্ষে প্রবেশ করতে চাইলে তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে দাবি করেন ওসি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পরে আরিফ রব্বানীকে বুঝিয়ে থানার বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর তার সঙ্গে থাকা লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে থানার প্রধান ফটক এবং পাশের ট্রাফিক বক্সে ভাঙচুর চালায় বলে অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে থানার এক পুলিশ সদস্যের সঙ্গে আরিফ রব্বানীর কথা-কাটাকাটি হয়। পরে তিনি ওসির সঙ্গেও বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উপস্থিত লোকজন তাকে শান্ত করে থানার বাইরে নিয়ে যায়।
এ বিষয়ে থানার পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।