মেধা ও যোগ্যতার ভিত্তিতেই ভর্তি নিশ্চিত করতে চায় সরকার: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর সবুজবাগ সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষিত ও মানবিক জনশক্তিই রাষ্ট্রের উন্নয়নের চালিকাশক্তি। তাই শিক্ষাকে জাতি গঠনের সবচেয়ে বড় রাষ্ট্রীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে।

তিনি বলেন, সবুজবাগ সরকারি কলেজকে মেধাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হচ্ছে। ভর্তির ক্ষেত্রে কোনো সুপারিশের কাছে মেধার সঙ্গে আপস করা হবে না। যারা মেধার পরীক্ষায় উত্তীর্ণ হবে, তারাই ভর্তির সুযোগ পাবে।

কলেজের উন্নয়নে আগামী দুই মাসের মধ্যে ডিজিটাল বোর্ড স্থাপন এবং বর্তমান সরকারের মেয়াদে একটি মাইক্রোবাস দেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি কলেজের অবকাঠামোগত উন্নয়ন এবং অনার্স ও মাস্টার্স চালুর বিষয়েও সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে হাবিবুর রশিদ বলেন, শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়; বরং যোগ্য, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার মাধ্যম। জীবনে সফল হতে কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের বিকল্প নেই। এ সময় শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাসসহ সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, তরুণ প্রজন্মই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।

নবীনবরণ অনুষ্ঠানের ব্যয় প্রসঙ্গে তিনি জানান, আয়োজনে প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে। কলেজের ওপর আর্থিক চাপ না ফেলতে ওই অর্থ প্রতিষ্ঠানটিকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন তিনি।

সবুজবাগ সরকারি কলেজের অধ্যক্ষ নূর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *