মেসি কাপের পরিধি বাড়ছে, তরুণদের নিয়ে যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক:

তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দিতে আবারও আয়োজন করা হচ্ছে ‘মেসি কাপ’। ইন্টার মায়ামির উদ্যোগে আয়োজিত হতে যাওয়া টুর্নামেন্টটির দ্বিতীয় আসরে এবার অংশ নেবে ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। গত আসরে অংশ নিয়েছিল আটটি দল।

আগামী ২৫ অক্টোবর শুরু হয়ে ১ নভেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতাটি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামি স্টেডিয়াম ও ফ্লোরিডা ব্লু ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এসব ভেন্যুতে বিশ্বের বিভিন্ন দেশের নামী ক্লাবের একাডেমি দলগুলোর মুখোমুখি হবে তরুণ ফুটবলাররা।

গত আসরের তুলনায় এবার দলসংখ্যা দ্বিগুণ করার লক্ষ্য হলো তরুণ খেলোয়াড়দের আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে খেলার সুযোগ করে দেওয়া। আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি মাঠ ও মাঠের বাইরে খেলোয়াড়দের বিকাশেও এই আয়োজন ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকেরা।

ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসির কাছেও টুর্নামেন্টটির গুরুত্ব রয়েছে তরুণদের বিকাশের সুযোগ তৈরির জায়গায়। তিনি বলেন, ‘মেসি কাপ আয়োজনের মূল উদ্দেশ্য হলো—ছেলেরা যেন নিজেদের বিকাশের এই গুরুত্বপূর্ণ বয়সে মাঠ ও মাঠের বাইরে একটি অনন্য অভিজ্ঞতা অর্জন করতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার মেজাজ কেমন হয়, তা এখন থেকেই বুঝতে শিখুক।’

প্রথম আসরের তুলনায় এবার টুর্নামেন্টের পরিধি বাড়ায় সন্তুষ্ট মেসি। বিশ্বের বিভিন্ন ক্লাবের তরুণ খেলোয়াড়দের একত্রিত করে প্রতিদ্বন্দ্বিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

মেসি বলেন, ‘টুর্নামেন্টটি যেভাবে বড় হচ্ছে, তা দেখে আমরা সত্যিই খুব আনন্দিত। বিশ্বের সেরা সেরা ক্লাব থেকে আসা তরুণ খেলোয়াড়দের এখানে একত্রিত হতে দেখে ভালো লাগছে—যাতে তারা একে অপরের বিপক্ষে লড়তে পারে, অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারে এবং সবচেয়ে বড় কথা, ফুটবলকে উপভোগ করতে পারে।’

এবারের আসরে অংশ নেবে ইন্টার মায়ামি সিএফ, আয়াক্স, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, বেনফিকা, এফসি বার্সেলোনা, পালমেইরাস, আর্সেনাল, নিউওয়েলস ওল্ড বয়েজ, ফ্ল্যামেঙ্গো, ইউই কর্নেয়া, ম্যানচেস্টার সিটি, বোকা জুনিয়র্স, রিভার প্লেট, ইন্ডিপেন্ডিয়েন্তে দেল ভ্যালে ও চেলসি।

টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে ডিজনি প্লাস ও ইএসপিএন প্লাস। তবে কোন অঞ্চলে কীভাবে খেলা দেখা যাবে, তা সংশ্লিষ্ট সম্প্রচার-সুবিধার ওপর নির্ভর করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *