মোল্লাহাটে পূর্ব বিরোধের জেরে হামলা, যুবক গুরুতর আহত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চরকুলিয়া এলাকায় পূর্ব বিরোধের জেরে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চরকুলিয়া এলাকার মোঃ প্রিন্স শেখ (৪২) তার ভাগ্নে ফাহিম সাকিল (২৯), পিতা কুদ্দুস মোল্লা, গ্রাম রাজনগর—কে মারধরের অভিযোগ এনে মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে তাদের পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় অভিযুক্তরা পূর্ব থেকেই বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।

অভিযোগ অনুযায়ী, গত রবিবার (২৩ আগস্ট, ২০২৬) আনুমানিক ভোর ৪.০০ টার দিকে চরকুলিয়া লায়লা আজাদ কলেজ মাঠে ফাহিম সাকিলের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করা হয়। এ সময় মাহাবুব মোল্লা (৩০), মাহমুদ মোল্লা (২২), রাশেদ খন্দকার (২২)সহ অজ্ঞাত আরও ১৫-২০ জন হামলায় অংশ নেয় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে, এতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে জানিয়েছে, তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিবাদীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *