মোল্লাহাটে ভেজাল ও অনুমোদনহীন সার-কীটনাশকের ছড়াছড়ি, হুমকিতে মাটি ও খাদ্য নিরাপত্তা

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

কৃষিপ্রধান দেশের খাদ্য নিরাপত্তা ও টেকসই উৎপাদনের ভিত্তি সুস্থ ও উর্বর মাটি। অথচ মোল্লাহাট উপজেলা জুড়ে বৈধ-অবৈধ বহু দোকানে সরকারের অনুমোদনহীন, ভেজাল ও নিষিদ্ধ কোম্পানির সার-কীটনাশক অবাধে বিক্রির অভিযোগ উঠেছে। এতে একদিকে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে দীর্ঘমেয়াদে মাটির উর্বরতা ও খাদ্য উৎপাদন হুমকির মুখে পড়ছে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, খুলনার বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুল আলম আসাদ বলেন, ভেজাল ও নিম্নমানের সার ব্যবহারে মাটির ওপর বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব পড়ে। ভেজাল সারে প্রয়োজনীয় পুষ্টি উপাদান না থাকায় কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না, ফলে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

তিনি আরও জানান, নিম্নমানের সারে ভারী ধাতু যেমন লেড ও ক্যাডমিয়াম থাকতে পারে, যা মাটির ভৌত গঠন, রাসায়নিক বৈশিষ্ট্য এবং উপকারী অনুজীবের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে। এসব ধাতু খাদ্যশৃঙ্খলের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। তাঁর মতে, মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম ও নির্ভেজাল সার প্রয়োগই নিরাপদ খাদ্য নিশ্চিতের কার্যকর উপায়।

সরেজমিনে যা দেখা গেছে

চুনখোলা ইউনিয়নের আঙরা গ্রামে একটি মুদি দোকানের পেছনের কক্ষে সার ও কীটনাশক বিক্রি করতে দেখা গেছে। দোকান পরিচালনাকারী সুকলা বিশ্বাস সাংবাদিক পরিচয় জানালে ফোনে শিহাব মুন্সী নামের এক ব্যক্তির সঙ্গে কথা বলেন। ফোনে তিনি নিজেকে ব্যবসার মালিক দাবি করে জানান, যথাযথ নিয়ম মেনেই পণ্য বিক্রি করা হচ্ছে। তবে সুকলা বিশ্বাস বলেন, তিনি শুধু কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার-কীটনাশক পরিমাপ করে দেন; অর্থ লেনদেন করেন না।

পরে উপস্থিত হয়ে শিহাব মুন্সী দাবি করেন, কীটনাশকের লাইসেন্স থাকলে সার বিক্রি করা যায় এবং দোকানের ম্যানেজারের অনুপস্থিতিতে সুকলাকে প্রশিক্ষণ দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তাদের বক্তব্যে অসঙ্গতি লক্ষ্য করা গেছে।

চুনখোলা বাজারের একাধিক দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও অনুমোদনহীন সার মজুদের প্রমাণ মিলেছে। এক খুচরা ডিলার জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য কোম্পানিতে ফেরত পাঠানো হবে। একই বাজারে লাইসেন্স ছাড়াই বীজের সঙ্গে সার বিক্রির অভিযোগও রয়েছে।

কোদালিয়া, আটজুড়ী, উদয়পুর, কুলিয়া, গাওলা, গাংনী ও চুনখোলা ইউনিয়নের বিভিন্ন বাজারে দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়া সার ও কীটনাশক বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এক বিক্রেতা লাইসেন্স থাকার দাবি করলেও প্রদর্শিত লাইসেন্সটি ছিল মেয়াদোত্তীর্ণ এবং ভিন্ন নামে ইস্যুকৃত। এ সময় সংশ্লিষ্ট এক ব্যক্তি সাংবাদিকদের অনৈতিক সমঝোতার প্রস্তাব দেন বলেও অভিযোগ ওঠে।

চুনখোলা ইউনিয়নের বিসিআইসি সার ডিলার আরিফুল মুন্সী সাংবাদিকদের বলেন, লাইসেন্সবিহীন সার বিক্রি বন্ধ হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন; কারণ এসব বিক্রেতারা কৃষকের দোরগোড়ায় পণ্য পৌঁছে দেন। তিনি সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।

এ বিষয়ে মোল্লাহাট উপজেলা কৃষি অফিসের কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু জানান, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত বাজার মনিটরিং, লাইসেন্স যাচাই, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য জব্দ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি। পাশাপাশি কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও মাটি পরীক্ষাভিত্তিক সারের ব্যবহার নিশ্চিত না হলে ভবিষ্যতে খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনীতি টিকিয়ে রাখতে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়ার বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *