বিনোদন ডেস্ক:
দেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী মোশাররফ করিম ও জয়া আহসান। বাংলাদেশের পাশাপাশি কলকাতার সিনেমাতেও নিয়মিত অভিনয় করছেন তারা। তবে পর্দায় এই দুই তারকাকে একসঙ্গে খুব বেশি দেখা যায়নি।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে মোশাররফ করিমের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন জয়া আহসান। গুণী এই অভিনেতার অভিনয়ে মুগ্ধ জয়া তাঁকে ‘ম্যাজিশিয়ান’ বলে অভিহিত করেছেন।
মোশাররফ করিমের সঙ্গে ভবিষ্যতে কাজ করার আগ্রহ প্রকাশ করে জয়া আহসান বলেন, ‘মোশাররফ করিম একজন ম্যাজিশিয়ান। কিন্তু উনার সঙ্গে আমার সরাসরি অভিনয় খুব কম হয়েছে। আশা করি, পরিচালকরা আমার কথাগুলো শুনবেন। আমি চাই, উনার সঙ্গে আমার কাজ হোক, নিশ্চয়ই উনিও তাই চান। কিন্তু হয়ে ওঠেনি।’
মোশাররফ করিমকে নিজের পছন্দের অভিনেতা উল্লেখ করে জয়া বলেন, তাঁরা একসঙ্গে একটি টেলিভিশন নাটকে অভিনয় করেছিলেন। সেই নাটকের দৃশ্য এখনো অনলাইনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াতে দেখেন তিনি। মোশাররফ করিমকে অত্যন্ত গুণী অভিনেতা বলেও প্রশংসা করেন জয়া।
উল্লেখ্য, ২০১১ সালের ঈদুল ফিতরে প্রচারিত ‘ঈদের ডায়েরি’ নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন মোশাররফ করিম ও জয়া আহসান। নাটকটি পরিচালনা করেন ইশতিয়াক আহমেদ রুমেল।
প্রচারের পর নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। এখনো ইউটিউবে নাটকটি দেখা যায়। নাটকটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকেরা দুই অভিনয়শিল্পীর প্রশংসা করেন।