নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের অদূরে রেসিডেন্সিয়াল মডেল কলেজসংলগ্ন ফুটপাথে কথিত মাদকবিরোধী অভিযানে আরিফ হোসেন (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। তাঁর মাথায় আঘাত লেগে চারটি সেলাই দিতে হয়েছে। তবে অভিযানটি কারা পরিচালনা করেছে, তা নিয়ে সংশ্লিষ্টদের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে জেনেভা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ সদস্য ববি হাজ্জাজের কার্যালয়ের লোকজন মাদকবিরোধী অভিযান চালানোর সময় মাদক সেবনরত সন্দেহে আরিফকে আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে যায়।
পরে কলেজের গেট থেকে তাঁকে পুলিশের গাড়িতে তোলা হয়। পুলিশ তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা করায়। এরপর তাঁকে থানায় নেওয়া হয়। পুলিশের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আরিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে মোহাম্মদপুর থানার এক কর্মকর্তা জানান, রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশের সড়কটির পরিস্থিতি খারাপ হওয়ায় স্থানীয় নাগরিক সমাজের উদ্যোগে সম্মিলিতভাবে অভিযান চালানো হয়। ওই সময় আরিফ গাঁজা সেবন করছিলেন বলে দাবি করেন তিনি। অভিযানের সময় ধস্তাধস্তিতে আরিফ আহত হন এবং সেখানে পুলিশও উপস্থিত ছিল বলে জানান ওই কর্মকর্তা।
পরে একই কর্মকর্তা ফোনে জানান, পুলিশ আরিফকে সরাসরি আটক করেনি; স্থানীয় লোকজন তাঁকে ধরে পুলিশের কাছে দিয়েছে। তিনি মাদকসেবী কি না, তা যাচাই করতে তাঁকে ডোপ টেস্টের জন্য পাঠানো হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
এ বিষয়ে সংসদ সদস্য ববি হাজ্জাজের ব্যক্তিগত কর্মকর্তা ইনতিশার মাশুক প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই এলাকায় একটি নাগরিক সংগঠন রয়েছে, যারা মাঝেমধ্যে এ ধরনের অভিযান চালায়। তবে সেটি সংসদ সদস্যের উদ্যোগে নয়। সংসদ সদস্যের পক্ষ থেকে কোনো অভিযান চালানো হয়নি বলেও দাবি করেন তিনি।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) গেণ্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান চালান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ঢাকা-৬ আসনের সংসদ সদস্যের ওই অভিযান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।