যানজট কমাতে দ্রুত সরানো হবে ঢাকার ৪ টার্মিনাল

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যানজট নিরসনে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তান—এই চারটি বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। পাশাপাশি বিদ্যমান ডিপোগুলো ব্যবহারের পরিকল্পনাও নেওয়া হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বৃহত্তর ঢাকার যানজট নিরসনে গঠিত জাতীয় কমিটির সভা শেষে বাসসকে এসব কথা জানান প্রতিমন্ত্রী।হাবিবুর রশিদ বলেন, রাজধানীর যানজটের অন্যতম কারণ শহরের ভেতরে বাস ও গণপরিবহনের অতিরিক্ত চাপ। এ চাপ কমাতে বিদ্যমান টার্মিনালের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প স্থানে টার্মিনাল ও ডিপো ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। কাচপুর ও পূর্বাচলসহ বিভিন্ন স্থান ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।তিনি বলেন, গাবতলী বাস টার্মিনাল আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে। গাবতলীর পাশের নতুন জায়গাগুলো দ্রুত কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে।প্রতিমন্ত্রী আরও জানান, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় সড়কের ওপর থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। একই সঙ্গে সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় থাকা টার্মিনালগুলো উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।তিনি বলেন, যানজট নিরসনে শুধু সড়ক প্রশস্ত বা নতুন সড়ক নির্মাণ করলেই হবে না। টার্মিনাল ব্যবস্থাপনা, বাস চলাচল, পার্কিং, কাউন্টার এবং রাজধানীর প্রবেশ ও বহির্গমনপথে যানবাহনের চাপ—সবকিছু সমন্বিতভাবে বিবেচনা করতে হবে।সভায় চারটি বাস টার্মিনালের বর্তমান ব্যবস্থাপনা, বিকল্প স্থানে স্থানান্তর, ডিপো ব্যবহারের সুযোগ এবং সংশ্লিষ্ট সিটি করপোরেশনের ভূমিকা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি যানজট নিরসনে নেওয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।সভায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসক এবং সড়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *