যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদা আলোচনা যুক্তরাষ্ট্র-ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছেন দুই দেশের কর্মকর্তারা। সোমবার (২৮ সেপ্টেম্বর) এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে গত সপ্তাহে নিউইয়র্কে ইরানের পক্ষ থেকে সাত দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব দেওয়া হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের প্রস্তাবের সংশোধিত কোনো রূপ নিয়ে নতুন করে আলোচনা হতে পারে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে তিনি বলেন, সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় চালুর শর্ত নিয়েও ওয়াশিংটনের উত্তর চাওয়া হয়েছে।

আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকেরা যদি যুদ্ধের অবসান ও শান্তিপূর্ণ সমাধান চান, তাহলে ইরান সে পথের জন্য একটি প্রস্তাব দিয়েছে।

এদিকে মার্কিন কর্মকর্তারাও সোমবার মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ইরানের প্রস্তাবে কয়েকটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইরান ও লেবাননে সংঘাতের অবসান, জব্দ করা ইরানের সম্পদ অবমুক্ত করা, ইরানের জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ তুলে নেওয়া।

তেহরানের বক্তব্য অনুযায়ী, এসব শর্ত পূরণ করা হলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে দুই পক্ষের মধ্যে আবারও আলোচনা হতে পারে।

এর আগে শনিবার ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করার কথা জানিয়ে বলেন, তেহরান অর্থনৈতিক চাপে রয়েছে এবং দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে চাইছে। তবে রোববার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে তিনি জানান, চলতি সপ্তাহে মার্কিন আলোচকেরা আরও আলোচনায় বসতে পারেন।

অন্যদিকে আব্বাস আরাগচি বলেছেন, ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়টি মধ্যস্থতাকারীরা আনুষ্ঠানিকভাবে ইরানকে জানায়নি। তাই পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তেহরান।

আরাগচি বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার যেকোনো পদক্ষেপ ইরানের নির্ধারিত শর্ত পূরণের ওপর নির্ভর করবে। তাঁর মতে, আলোচনার মাধ্যমে কোনো সমাধানে পৌঁছানো গেলেই বর্তমান অচলাবস্থার অবসান সম্ভব।

তবে একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, তাঁর দেশ সম্ভাব্য ‘ভয়ংকর যুদ্ধের’ জন্যও প্রস্তুত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *