যুদ্ধের আগুনের মধ্যেই ইরানে বিশাল গ্যাসের মজুত, মিলল ২১২ বিলিয়ন ঘনমিটার

আন্তর্জাতিক ডেস্ক  ::

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই বিশাল একটি প্রাকৃতিক গ্যাসের খনির সন্ধান পেয়েছে ইরান। দেশটির দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে আবিষ্কৃত নতুন এই খনিতে আনুমানিক ৭ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুট বা ২১২ দশমিক ৪ বিলিয়ন ঘনমিটার গ্যাস রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের পেট্রোলিয়ামমন্ত্রী মোহসেন পাকনেজাদ রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আবিষ্কৃত খনির গ্যাসে হাইড্রোজেন সালফাইডসহ অন্যান্য অনাকাঙ্ক্ষিত উপাদানের পরিমাণ তুলনামূলকভাবে কম। ফলে এখান থেকে গ্যাস উত্তোলন করা তুলনামূলক সহজ এবং ব্যয়ও কম হতে পারে।

তবে খনিতে থাকা পুরো গ্যাস উত্তোলন করা সম্ভব হবে না বলে জানিয়েছেন ইরানের পেট্রোলিয়ামমন্ত্রী। তার দেওয়া তথ্য অনুযায়ী, মোট ২১২ দশমিক ৪ বিলিয়ন ঘনমিটার গ্যাসের মধ্যে ১৬০ বিলিয়ন ঘনমিটারের বেশি গ্যাস উত্তোলনযোগ্য।

প্রাকৃতিক গ্যাসের মজুতের দিক থেকে ইরান বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ। যুদ্ধ শুরুর আগে দেশটির বিভিন্ন গ্যাসক্ষেত্র থেকে বিপুল পরিমাণ গ্যাস উত্তোলন করা হতো। তবে সাম্প্রতিক সংঘাতের কারণে দেশটির তেল ও গ্যাস অবকাঠামোর বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমেছে।

ইরানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, গত জুলাইয়ে দেশটিতে দৈনিক গ্যাস উত্তোলনের পরিমাণ গড়ে প্রায় ২৩০ মিলিয়ন ঘনমিটারে নেমে আসে।

এমন পরিস্থিতিতে নতুন এই গ্যাসক্ষেত্রের সন্ধানকে দেশটির জ্বালানি খাতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যুদ্ধের কারণে উৎপাদন ও অবকাঠামো যখন চাপের মুখে, তখন বড় এই গ্যাসের মজুত ইরানের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *