রথযাত্রা উপলক্ষে নারায়ণগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা

মোহাম্মদ হোসেন হ্যাপী:

আসন্ন রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এতে রথযাত্রা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শোভাযাত্রার নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং সংশ্লিষ্ট সবার পারস্পরিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, “ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাংলাদেশের অন্যতম ঐতিহ্য। রথযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।” তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সহযোগিতা করার পাশাপাশি গুজবে কান না দিয়ে যেকোনো সন্দেহজনক বিষয় দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান।

আলোচনা সভায় হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ ও আয়োজক কমিটির প্রতিনিধিরা রথযাত্রা আয়োজনসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, তিলোত্তমা দাস, গোপাল জিউর মন্দিরের সভাপতি পরিতোষ কান্তি সাহা, বলদেব জিউর মন্দিরের সভাপতি জয় কে চৌধুরী বাপ্পিসহ হিন্দু ধর্মীয় সংগঠন ও ইসকনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *