কামরুল হাসান:
চট্টগ্রামের রাউজানে টিকটকে ছবি আপলোড করাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের পর শারমিন আকতার রিপা (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—এ নিয়ে এলাকায় নানা আলোচনা ও মতামত তৈরি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পূর্ব রাউজান এলাকা থেকে শারমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।
নিহত শারমিন আকতার রিপা ওমানপ্রবাসী বাচা মিয়ার স্ত্রী। তিনি মোহাম্মদ আলাউদ্দিন ও জাহানারা বেগমের মেয়ে এবং দুই সন্তানের জননী।
পারিবারিক সূত্রে জানা যায়, টিকটকে ছবি আপলোড করা নিয়ে বেশ কিছুদিন ধরে শারমিনের সঙ্গে তাঁর স্বামীর বিরোধ চলছিল। এ বিরোধের জেরে বাচা মিয়া ওমান থেকে দেশে ফিরে আসেন। শুক্রবার স্বামী-স্ত্রীর মধ্যে এ বিষয় নিয়ে আবারও কথা-কাটাকাটি হয়।
বাচা মিয়ার দাবি, তাঁদের মধ্যে কিছুটা ঝগড়া হয়েছিল। পরে তিনি ঘুমিয়ে পড়েন। এ সময় তাঁর স্ত্রী নিজের কক্ষে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।
নিহতের বাবা মোহাম্মদ আলাউদ্দিন জানান, তিনি কর্মস্থলে থাকা অবস্থায় মেয়ের মৃত্যুর খবর পান।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনাটি নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও আলোচনা থাকলেও পুলিশ বলছে, তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুকে আত্মহত্যা বা হত্যাকাণ্ড—কোনোটিই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।