স্টাফ রিপোর্টার:
রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড এলাকায় রাজউকের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বহুতল আবাসিক ভবন নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ‘ভীষণ ৭১’ নামের একটি ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, উত্তরা ১৫ নম্বর সেক্টরের রাজউক-১/১ চণ্ডালভোগ (খালপাড়) ব্রিজসংলগ্ন রাস্তার পশ্চিম পাশে অবস্থিত নির্মাণাধীন ভবনটিতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পুনরায় নির্মাণকাজ শুরু করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দিন-রাত অব্যাহতভাবে সেখানে নির্মাণকাজ চলছে।
স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কীভাবে নির্মাণকাজ পুনরায় শুরু হলো, তা নিয়ে এলাকায় প্রশ্ন দেখা দিয়েছে। তাদের অভিযোগ, রাজউকের নিয়ম-নীতি উপেক্ষা করেই প্রভাবশালী মহলের সহযোগিতায় নির্মাণকাজ চালানো হচ্ছে।
বিষয়টি সম্পর্কে জানতে নির্মাণাধীন ভবনটিতে গিয়ে ‘ভীষণ ৭১’ কোম্পানির মালিক আতিকুর রহমানকে পাওয়া যায়নি। এ সময় সেখানে থাকা তার পরিচিত এক প্রকৌশলী পরিচয়ের ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি সাংবাদিকদের কাছে নির্মাণকাজের বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি। বরং তারা কেন সেখানে এসেছেন—এমন প্রশ্ন করেন বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, রাজউকের একজন অথরাইজার এহসানকে ম্যানেজ করে ভবনটির নির্মাণকাজ পুনরায় শুরু করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
নির্মাণকাজের বৈধতা, রাজউকের নিষেধাজ্ঞা এবং বর্তমানে ভবন নির্মাণের অনুমোদন রয়েছে কি না—এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট বক্তব্য প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
এ ঘটনায় রাজউকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
অভিযোগের বিষয়ে ‘ভীষণ ৭১’ কোম্পানির মালিক আতিকুর রহমানের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।