নারায়ণগঞ্জ প্রতিনিধি:
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। একই সঙ্গে নারায়ণগঞ্জের জন্য রাজউকের বিদ্যমান মাস্টারপ্ল্যানের পাশাপাশি পৃথক বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়নের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
জাকারিয়া তাহের সুমন বলেন, রাজউক সরকারেরই একটি অংশ। একইভাবে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষও সরকারের একটি অংশ। জনগণের জন্য যেটি ভালো হবে, সেটিই করা হবে।
নারায়ণগঞ্জের জন্য বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়নের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, রাজউকের বিদ্যমান মাস্টারপ্ল্যানের পাশাপাশি নারায়ণগঞ্জের জন্য আলাদা মাস্টারপ্ল্যান করা হবে।
এনডিএর সীমানা আরও বাড়ানোর বিষয়টিও যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান তিনি। এ ক্ষেত্রে ফতুল্লাসহ আশপাশের এলাকাগুলোকে এনডিএর আওতায় আনার সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে।
রাজউকের দুর্নীতি ও সেবায় হয়রানির অভিযোগ প্রসঙ্গে গণপূর্তমন্ত্রী বলেন, রাজউকের আওতাধীন এলাকা অনেক বড় হলেও প্রয়োজনের তুলনায় জনবল কম ছিল। এ কারণে মানুষের কাছে সেবা আরও সহজে পৌঁছে দিতে গাজীপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।
রাজউকের সেবায় ইতোমধ্যে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আগের রাজউকের চেয়ে আগামী দিনের রাজউক অনেক ডিফারেন্ট হবে।’ একই সঙ্গে যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করতে কাজ চলছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মূল লক্ষ্য হলো নারায়ণগঞ্জবাসীকে আরও ভালো সেবা দেওয়া এবং একটি পরিকল্পিত নগর গড়ে তোলা।
অনুষ্ঠানে নবগঠিত এনডিএর চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।