বিনোদন ডেস্ক:
২০২৩ সালের সেপ্টেম্বরে ভারতের রাজনীতিক রাঘব চাড্ডাকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। অথচ এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কোনো রাজনীতিককে কখনো বিয়ে করবেন না। সেই অবস্থান থেকে কীভাবে রাঘব চাড্ডার সঙ্গে সম্পর্কে জড়ালেন—এবার সেই গল্পই জানিয়েছেন অভিনেত্রী।
নেটফ্লিক্সের ‘Shaque: Trust No One’ সিনেমার প্রচারের সময় নয়নদীপ রক্ষিতকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বিয়ে ও সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন পরিণীতি। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাঘব চাড্ডাকে বিয়ে প্রসঙ্গে পরিণীতি বলেন, তাদের সম্পর্কের ক্ষেত্রে ঝুঁকি ছিল অনেক বেশি। রাঘব দিল্লিতে থাকেন, আর তিনি মুম্বাইয়ে। দুজনের জগতও ছিল সম্পূর্ণ আলাদা। একজন বিনোদন জগতের, অন্যজন রাজনীতির সঙ্গে যুক্ত। এমনকি তাদের পারিবারিক পরিবেশও ছিল ভিন্ন—একটি রাজনৈতিক পরিবার, অন্যটি ব্যবসায়ী পরিবার।
পরিণীতির ভাষ্য, এমন ভিন্নতার মধ্যে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজনের মধ্যে দৃঢ় বোঝাপড়া থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দিন থেকেই তারা পরিষ্কার ছিলেন, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একে অপরকে সমান মর্যাদা দিতে হবে।
তিনি বলেন, তারা একে অপরের বন্ধু এবং দুজনই সমান। ক্যারিয়ার কিংবা বাইরের জগতের কোনো চাপ তারা নিজেদের সম্পর্কে নিয়ে আসেন না।
পরিণীতি জানান, তিনি এমন অনেক জনপ্রিয় দম্পতিকে দেখেছেন, যারা পেশাগত জীবনের চাপ ব্যক্তিগত সম্পর্কের মধ্যেও নিয়ে আসেন। ফলে তাদের কথাবার্তা ও আচরণেও পেশাগত জীবনের প্রভাব দেখা যায়।
তবে নিজেদের ক্ষেত্রে বিষয়টি একেবারেই আলাদা বলে জানান পরিণীতি। তার ভাষায়, তাদের ব্যক্তিগত জীবন খুব স্বাভাবিক ও নির্মল থাকবে। তারা এমন একটি দম্পতি হতে চান, যাদের জীবন যতটা সম্ভব সাধারণ ও নির্ভার হবে।
সংসার ও সন্তান পালনের দায়িত্বের পাশাপাশি একে অপরের ক্যারিয়ারে সমর্থন দেওয়ার ক্ষেত্রেও দুজন পরস্পরের পাশে থাকেন বলে জানান পরিণীতি। সংসারের কাজ, সন্তান পালন কিংবা জীবনযাপনের বিভিন্ন বিষয়ে তারা দায়িত্ব ভাগ করে নেন।
পরিণীতি বলেন, তিনি সব সময় এমন একজন জীবনসঙ্গীর স্বপ্ন দেখতেন, যিনি সফল হবেন, তার ব্যস্ত ও কিছুটা অগোছালো জীবন বুঝবেন, একই সঙ্গে বিনয়ী হবেন এবং তাঁর মতো মধ্যবিত্ত পরিবেশে বেড়ে উঠবেন। রাঘবের মধ্যে তিনি এসব গুণই খুঁজে পেয়েছেন বলে জানান অভিনেত্রী।
২০২৫ সালের ১৯ অক্টোবর এই দম্পতির একটি পুত্রসন্তান জন্ম নেয়। ছেলের নাম রাখা হয়েছে ‘নীর’, যা পরিণীতি ও রাঘবের নামের সমন্বয়ে তৈরি।