রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর মামলার আসামি শুটার লেলিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি আবুল কালাম আজাদ লেলিন ওরফে শুটার লেলিনকে (৪৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিভিন্ন অপকর্মের অভিযোগে তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে চট্টগ্রামের মিরসরাই থেকে ডিবির মিরপুর জোনাল টিম তাঁকে গ্রেপ্তার করে। পরে দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানায় দায়ের করা ১৯ নম্বর মামলার আসামি লেলিন। তাঁর বিরুদ্ধে মিরপুরে চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বেশির ভাগই স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ১ অক্টোবর রাড্ডার ঘটনায় বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, প্রায় ২০০ জন দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্রপাতি নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করে একটি টিনশেড ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেয়। এ ছাড়া পাকা ভবনের আলট্রাসনোগ্রাম কক্ষ, টিকাদান কক্ষ ও পরীক্ষাগারসহ পাঁচটি কক্ষের জানালা-দরজা ভাঙচুর করা হয়।

এ ঘটনায় শাহ আলী থানায় দায়ের করা মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়াসহ ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *