লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে একটি বসতঘরে ঢুকে প্রায় ৩৬ লাখ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকার বিক্রির সাড়ে ৩ লাখ টাকা এবং ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
পুলিশ জানায়, আটক দুই কিশোর হলো ফাহাদ হোসেন (১৬), রায়পুরের দেবীপুর গ্রামের মৃত ফরিদ হোসেনের ছেলে এবং সিফাত (১৭), একই এলাকার হারুন অর রশিদের ছেলে।
এর আগে রোববার দুপুরে তাদের লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকায় শবনম ফেরদৌস চৌধুরীর বসতঘরে চুরির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে প্রায় ৩৫ লাখ ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যায়। পরদিন এ ঘটনায় রায়পুর থানায় মামলা করা হয়।
মামলার তদন্তে ফাহাদ ও সিফাতকে আটক করা হয়। পুলিশ জানায়, তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাড়ে ৩ লাখ টাকা এবং ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া স্বর্ণ ও নগদ অর্থের ঘটনায় সুইটি আক্তার, খোকন সর্দার ও সুমন বণিকের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আটক কিশোরদের আদালতে সোপর্দ করা হয়েছে। চুরি হওয়া বাকি স্বর্ণালংকার উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।