বিনোদন ডেস্ক:
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার হিন্দি উচ্চারণ নিয়ে সমালোচনার জবাব দিতে গিয়ে তাঁকে ‘তামিল অভিনেত্রী’ বলে উল্লেখ করে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা রাশমিকার ভাষাগত পরিচয় সংশোধন করে দিলে নিজের ভুল স্বীকার করেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাশমিকার হিন্দি উচ্চারণ নিয়ে কটাক্ষের প্রতিবাদ জানান জাভেদ আখতার। তাঁর বক্তব্য ছিল, অন্যের ভাষাগত দক্ষতা নিয়ে সমালোচনা করার আগে সমালোচকদের নিজেদের ভাষাজ্ঞান নিয়েও ভাবা উচিত।
একটি পোস্টে জাভেদ লেখেন, ‘যাদের তামিল অভিনেত্রী রাশমিকার উচ্চারণ নিয়ে সমস্যা রয়েছে, তাদেরকে কয়েকটি তামিল বাক্য দেওয়া হোক। এরপর দেখা যাক, তারা কতটা ভালো তামিল বলতে পারেন।’ তামিল ভাষার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি অন্যের ভাষাগত দক্ষতা নিয়ে শ্রেষ্ঠত্ব দেখানোর মানসিকতারও সমালোচনা করেন।
তবে জাভেদের বক্তব্যের মূল উদ্দেশ্যের সঙ্গে একমত হলেও কয়েকজন ব্যবহারকারী জানান, রাশমিকা তামিল অভিনেত্রী নন। তাঁর জন্ম ও বেড়ে ওঠা ভারতের কর্ণাটক রাজ্যের কোডাগুতে। তিনি কন্নড়ভাষী। যদিও তেলুগু চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেন।
পরে নিজের ভুল স্বীকার করে জাভেদ আখতার লেখেন, ‘আমি ভুল স্বীকার করছি।’
কন্নড়, তেলুগু, তামিল ও হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। তবে তাঁর হিন্দি উচ্চারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আগেও সমালোচনা হয়েছে।
সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের অনুষ্ঠানে স্বামী বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে উপস্থিত হওয়ার পরও তাঁর হিন্দি উচ্চারণ নিয়ে কটাক্ষ করেন নেটিজেনদের একাংশ। এর জবাব দিতেই রাশমিকার পাশে দাঁড়িয়েছিলেন জাভেদ আখতার। তবে তাঁকে সমর্থন জানাতে গিয়ে অভিনেত্রীর ভাষাগত পরিচয় উল্লেখে ভুল করায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।