নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত টেলিভিশন, আইপি টেলিভিশন ও পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠন রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৭ মে রবিবার উপজেলার মুড়াপাড়া বাজারে রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাব কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। তবে ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ২১ সদস্যবিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটির ১১ জন সদস্য অব্যাহতি নেন।
কমিটিতে মাইটিভির সাংবাদিক মোঃ মকবুল হোসেনকে আহ্বায়ক এবং এটিএন নিউজের সাংবাদিক মোঃ পারভেজকে সদস্য সচিব করা হয়। তবে আহ্বায়ক নিয়ে সাংবাদিকদের কোনো আপত্তি না থাকলেও সদস্য সচিব পদে মোঃ পারভেজের নিয়োগকে কেন্দ্র করে মতবিরোধ তৈরি হয় বলে জানা গেছে। এ নিয়ে সংগঠনের সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
অভিযোগ রয়েছে, নবগঠিত কমিটি গঠনের সময় সকল সদস্যদের মতামত না নিয়ে কিছু ব্যক্তির একক সিদ্ধান্তে আহ্বায়ক ও সদস্য সচিব নির্ধারণ করা হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে সদস্যদের মধ্যে অসন্তোষ ও বাকবিতণ্ডা সৃষ্টি হয়।
পরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সদস্য সচিবের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানান। এ অবস্থায় আহ্বায়ককে বিষয়টি অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ২১ সদস্যবিশিষ্ট কমিটির ১১ জন সদস্য অব্যাহতি নেন।
অব্যাহতি নেওয়া সাংবাদিকদের মধ্যে রয়েছেন গ্লোবাল টেলিভিশনের এনামুল হক, এশিয়ান টেলিভিশনের সাইফুল ইসলাম পিয়াস, আয়না টেলিভিশনের হাবিবুল্লাহ মীর, বাংলাদেশ টাইমসের শুভ, আজকের বাংলা পত্রিকার এসএম রনি, আইপি টেলিভিশন এনএএন টিভির গোলাম মোস্তফা সাগর, দৈনিক গণকণ্ঠের নোয়াব ভূঁইয়া, বর্তমান দিন পত্রিকার নূর নবী, নিউজ বাংলাদেশ পত্রিকার মঞ্জুরুল কবির বাবু, দৈনিক চৌকস পত্রিকার হাসান হাওলাদার বাপ্পি এবং চ্যানেল রূপগঞ্জ ও গ্লোবাল টেলিভিশনের ক্যামেরাম্যান রাকিবসহ অনেকে।
তারা অভিযোগ করেন, সংগঠনের ফর্মে স্বাক্ষর নেওয়ার পরও নিয়ম বহির্ভূতভাবে কয়েকজনের সিদ্ধান্তে কমিটি গঠন করা হয়। বিষয়টি নিয়ে সদস্যদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত তারা কমিটি থেকে অব্যাহতি নেন।