রূপগঞ্জে নিপুন সিন্থেটিক লেদার ইন্ডাস্ট্রিজে চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উদ্ঘাটন, লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ২ ডাকাত গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা পুলিশ চাঞ্চল্যকর ডাকাতির একটি ঘটনার রহস্য উদ্ঘাটন করে লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে। গত ১২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার বরাবো বাজার এলাকায় অবস্থিত নিপুন সিন্থেটিক লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এ ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা প্রতিষ্ঠানের ১৮ থেকে ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটায়।

এ ঘটনায় প্রতিষ্ঠানের প্রতিনিধি মোঃ ইরফান হায়দার চৌধুরী (৪৫), পিতা- ইকবাল হায়দার চৌধুরী, মাতা- দিলারা আক্তার, ঠিকানা: ৮৫/সি, পুরানা পল্টন লেন, থানা- পল্টন, ডিএমপি, ঢাকা-এর দায়ের করা এজাহারের ভিত্তিতে রূপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়। মামলা রুজুর পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) জনাব মোঃ মেহেদী ইসলামের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) সুকান্ত বাউলের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়।

বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.আইচ.এম. সালাউদ্দিনের পরিকল্পনায় তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) সুকান্ত বাউলসহ একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী ও আকবরশাহ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পাহাড়তলী ও আকবরশাহ থানা পুলিশের সহযোগিতায় ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— ১. মোঃ মুরাদ (৩০), পিতা- মৃত সামছুল আলম, মাতা- মাসুদা বেগম, সাং- নিউ শহিদ লেইন (মহরম আলীর বাড়ি), থানা- আকবরশাহ, চট্টগ্রাম সিটি করপোরেশন। ২. মোঃ রাসেল (৩২), পিতা- মোঃ নাসির, মাতা- রুমা বেগম, সাং- সর্বাতুলী, থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রাম। বর্তমানে শহিদ লেইন (কাদেরের ভাড়া বাড়ি), থানা- পাহাড়তলী, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় বসবাসকারী।

গ্রেপ্তারকৃতদের দখল থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত ২টি এয়ার কম্প্রেসার মেশিন এবং ২টি পানির পাম্প উদ্ধার করে জব্দ করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামিদের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *